প্রিন্ট এর তারিখঃ Nov 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2026 ইং
চট্টগ্রামে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকারসহ উদ্ধার নগদ ৮০ হাজার টাকা

পারভেজ বাঙালী, চট্টগ্রাম
নগরের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া এক জোড়া স্বর্ণের বালা, এক জোড়া রুপার নূপুর, একটি রুপার নূপুর, নগদ ৮০ হাজার টাকা, ৯টি কামিজ ও একটি শাড়ি উদ্ধার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বাকলিয়া থানাধীন ফুলকলি শাহ আমানত হাউজিং সোসাইটির বাকলিয়া টাওয়ার ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর নগরের একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। ওই দিন দুপুরে বাসায় তালা লাগিয়ে কর্মস্থলে যান দুই সহকর্মী। সন্ধ্যায় ফিরে তারা দেখতে পান, বাসার দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার অলংকার, পোশাকসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করা হলে ১৪ নভেম্বর মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবিরের নেতৃত্বে এসআই আবদুল মোমেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে তাসলিমা আক্তার তাসু (২৩), রিনা বেগম ওরফে রিনা আক্তার রেহেনা (৪৬), তানিয়া আক্তার সাথী (২৪), মোহাম্মদ ছাব্বির (১৯) এবং মো. জামাল (৩৯) গ্রেপ্তার হন।
অভিযানকালে গ্রেপ্তারদের দেখানো ও শনাক্ত অনুযায়ী বিভিন্ন কক্ষ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে রিনা বেগম ও জামালের শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে এক জোড়া স্বর্ণের বালা, তাসলিমা আক্তার তাসুর পা থেকে এক জোড়া রুপার নূপুর, তানিয়া আক্তার সাথীর কক্ষ থেকে একটি রুপার নূপুর ও নগদ ৮০ হাজার টাকা এবং ছাব্বিরের কক্ষের ওয়ারড্রোব থেকে ৯টি কামিজ ও একটি শাড়ি উদ্ধার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে বাসাবাড়িতে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা একই পরিবারের সদস্য বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে গ্রেপ্তার রিনা বেগমের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের পাহাড়তলী ও ডবলমুরিং থানায় চুরি ও বাসায় অনধিকার প্রবেশের অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪